প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা আন্তর্জাতিক সমুদ্র সৈকতে রূপান্তরিত করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা প্রয়োজন। পরিচ্ছন্ন সৈকত এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী আজ কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে। সহকারী পরিচালক লোভানা জামিল জানিয়েছেন, জিরো পয়েন্টে পরিচ্ছন্নতার স্লোগান সম্বলিত সাইনবোর্ড এবং ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই কার্যক্রমে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যরা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), স্বেচ্ছাসেবী সংগঠন ধুমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা), এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালী এবং ছাত্রদলসহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব-পশ্চিমে প্রায় আধা কিলোমিটার সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে সৈকতকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর আহ্বায়ক কেএম বাচ্চু, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার এবং কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম রেজা।
কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম রেজা মন্তব্য করেন, পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলার জন্য তরুণ সমাজকে দল-মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। এটি কেবল এক দিনের অভিযান নয়, বরং নিয়মিতভাবে সৈকত পরিষ্কার রাখা এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এই কাজে সহযোগিতা করতে আমরা সব সময় প্রস্তুত।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটা পর্যটনশিল্পের প্রধান আকর্ষণ এর সমুদ্র সৈকত। সৈকত অপরিচ্ছন্ন থাকলে এটি পর্যটকদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সকলকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং পর্যটকদেরও যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করতে হবে।
কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এটি শুধুমাত্র পৌরসভার একার পক্ষে সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন