প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় তাদের খরচে নিয়োগ করা বিশেষজ্ঞদের ৩৮টি সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব উপেক্ষা করেছে। তিনি বিএনপিকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে বলেন, অতীতে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু সরকার গঠনের পর জামায়াতের কেন্দ্রীয় আমীরকে কারাগারে পাঠানো হয়। তিনি উল্লেখ করেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে অন্ধ বিরোধিতায় লিপ্ত রয়েছে এবং তাদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি বর্তমানে অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। ১৯৯১ এবং ২০০১ সালে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তারা জামায়াতের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা দেশের বিভিন্ন স্থানে লুটপাটের সিন্ডিকেট গঠন করেছে। অফিস, আদালত, হাট-বাজার, মাঠ দখল করে দুর্নীতির রেকর্ড গড়েছে। জামায়াতের বিরুদ্ধে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও নিষিদ্ধ একটি দল কীভাবে মিছিল করতে পারে? তিনি চ্যালেঞ্জ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগের প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক।
মিয়া গোলাম পরওয়ার সংসদে বিরোধী দলের সহযোগিতা না করার অভিযোগকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, জামায়াত সংকট মোকাবিলায় ৩৮টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল করতে বিশেষজ্ঞ নিয়োগ করে মতামত তৈরি করে সরকারের কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু সরকার বিরোধিতার খাতিরে সহযোগিতা না করে বিরোধিতার নীতি আঁকড়ে রয়েছে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার দেশে অশান্তি সৃষ্টি করছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত সরকার গণ-অভ্যুত্থানের পরাজিত শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে অপতথ্য দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা গণ-অভ্যুত্থানের পর জনগণের মুখোমুখি হয়েছেন, তাদের বক্তব্যের সুযোগ দেওয়া উচিত নয়। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ এবং অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ‘শিক্ষা শিবির’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন