প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালবেলা উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শোকজ করেছে।
ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছিলেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন।
তাদের সামনে আসার পর প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, 'মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। হয়তো কেউ আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।' এরপর এক পর্যায়ে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে এক সাংবাদিককে জড়িয়ে ধরে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেন এই প্রধান শিক্ষক। পরবর্তীতে সংবাদ পেয়ে তার স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, 'রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন যাবত তিনি নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মদপান করে চিৎকার-চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ার কারণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। যেহেতু কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না।' তবে তিনি মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন জঘন্যতম অপকর্মের শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানিয়েছেন, 'সোশ্যাল মিডিয়ায় নুকালী বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর গতকালই ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাকে শোকজ করেছেন।'
তিনি আরো জানান, আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন