প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:০৭ এম || প্রকাশের তারিখঃ ৭ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৭:২৭ পি.এম
অন্ধকারে ডুবে যেতে পারে বানারীপাড়ার ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ!
বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। নদীভাঙন অব্যাহত থাকায় যেকোনো সময় গুরুত্বপূর্ণ এই বৈদ্যুতিক টাওয়ারটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাওয়ারটি ধসে পড়লে বানারীপাড়া উপজেলার বাইশারী, ইলুহার, উদয়কাঠী, সৈয়দকাঠী ও বিশারকান্দি—এই পাঁচটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহকসহ লক্ষাধিক মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় পড়তে পারেন।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নদীর তীব্র স্রোত ও ভাঙনে প্রতিদিনই টাওয়ারটির আশপাশের মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হলে টাওয়ারটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
জনগুরুত্বপূর্ণ এই বৈদ্যুতিক স্থাপনাটি রক্ষায় অবিলম্বে নদীর ভাঙনকবলিত অংশে জিওব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে সাময়িক প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, টাওয়ারটি ধসে পড়লে শুধু বিদ্যুৎ সরবরাহই ব্যাহত হবে না, বরং পাঁচটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য।
এখন দেখার বিষয়, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনের হাত থেকে গুরুত্বপূর্ণ এই ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক টাওয়ারটি রক্ষায় কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"