প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ ও তার স্ত্রী আন্না কোনিডেলা ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছেন। বিচ্ছেদের পরও তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
এনডিটিভির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার রাতে পবন কল্যাণের ইনস্টাগ্রাম পেজে একটি যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তারা নিজেদের সিদ্ধান্তের পেছনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের বিষয়টি উল্লেখ করেন।
বিবৃতিতে পবন ও আন্না উল্লেখ করেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও সুস্থতা সব সময় আমাদের উভয়ের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
এ সময় তারা সকলের কাছে নিজেদের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের মুহূর্তে গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আন্নাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাদের সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ নামে দুই সন্তান রয়েছে। এর আগে ১৯৯৭ সালে পবন নন্দিনীকে বিয়ে করেন, কিন্তু ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৯ সালে তিনি অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন। সেই সংসারে তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে এবং ২০১২ সালে সেই দাম্পত্যেরও অবসান ঘটে।
আন্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণার মধ্য দিয়ে পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেরও সমাপ্তি ঘটল।
১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মাই ইক্কাদা আব্বাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পবনের অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। ২০১৪ সালে তিনি জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট গঠন করে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই নির্বাচনে জোটের জয়ের পর ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন