প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৮ নভেম্বর, ২০২৬ : শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট সমাধানের জন্য সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম ওয়াসার প্ল্যান্টগুলোতে ভাসমান ইনটেক স্থাপন করার কাজ শুরু হয়েছে।
বাংলাদেশে এই প্রথম চট্টগ্রাম ওয়াসা ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে এবং এর বাস্তবায়নে কাজ শুরু করেছে। জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত প্রতি বছর লবণাক্ততার কারণে পানির উৎপাদন কমে যায়। ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা এবং কর্ণফুলী নদীর পানিপ্রবাহের ওপর ওয়াসার পানি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। এই সময়ে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত ওয়াসার বৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী-১ ও ২-এর উৎপাদন কমে যায়। নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার ফলে সমুদ্রের লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করে, যার কারণে হালদা নদীর তীরে অবস্থিত মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের উৎপাদনও হ্রাস পায়। একই কারণে বোয়ালখালীতে অবস্থিত ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও পানি উৎপাদন কমাতে হয়।
ফলস্বরূপ, শুষ্ক মৌসুমে চট্টগ্রাম শহরে দৈনিক সুপেয় পানির সরবরাহ ৮ থেকে ১০ কোটি লিটার পর্যন্ত কমে যায়। এর ফলে মহানগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি সবচেয়ে প্রকট হয়ে ওঠে।
এই সংকট মোকাবিলায় চট্টগ্রাম ওয়াসা ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থাটির দাবি, বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হলেও বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসা এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, মহানগরীতে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান ইনটেক স্থাপনের বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসায় এ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, ভাসমান ইনটেক এমন একটি পানি উত্তোলন ব্যবস্থা, যা পানির স্তরের ওঠানামার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপর-নিচে অবস্থান পরিবর্তন করতে সক্ষম। ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্প পানির মধ্যে কার্যকর অবস্থানে থাকে। এতে পাম্প পানির নিচে ডুবে যাওয়া কিংবা পানি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি কমে। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের অবস্থান পরিবর্তন বা পাইপের দৈর্ঘ্য সমন্বয়ের প্রয়োজন হয় না। ফলে নিরবচ্ছিন্নভাবে পানি উত্তোলন করা সম্ভব।
ভাসমান ইনটেকের আরেকটি সুবিধা তুলে ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পানির তলদেশে সাধারণত কাদা, বালি ও পলি জমা থাকে। এই প্রযুক্তিতে পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি উত্তোলন করা হয়। ফলে পাম্পে কাদা ও ময়লা প্রবেশের আশঙ্কা কম থাকে। এতে পাম্পের ইমপেলারসহ বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয় কম হয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও হ্রাস পায়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন