প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেবার পরিবর্তে ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে জয়পুরহাটের প্রাণিসম্পদ সেবা কেন্দ্রগুলো। দীর্ঘমেয়াদি সংস্কার ও অবহেলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কেন্দ্রগুলো। দরজা-জানালা ভেঙে পড়েছে এবং বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় এসব পরিত্যক্ত ভবন এখন মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়েছে। একসময় এই কেন্দ্রগুলো ছিল গ্রামীণ জনপদে গবাদিপশুর চিকিৎসা ও খামারিদের স্বপ্নের কেন্দ্রবিন্দু। কিন্তু বর্তমানে ভবনগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় জেলার প্রান্তিক খামারি ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসব ভবন সংস্কার বা পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
তথ্য অনুসন্ধান করে জানা যায়, নব্বইয়ের দশকে প্রাণিসম্পদ সেবা প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মোট ১২টি প্রাণিসম্পদ সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। শুরুতে জেলা প্রাণিসম্পদ অফিসের সরাসরি তত্ত্বাবধানে এসব কেন্দ্র থেকে সাধারণ মানুষ ও খামারিরা গবাদিপশুর চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ পেতেন। এটি ছিল প্রান্তিক পর্যায়ে গবাদিপশুর রোগ প্রতিরোধে একটি যুগান্তকারী পদক্ষেপ।
কিন্তু সময়ের সাথে সাথে এবং দীর্ঘ সময় কোনো সংস্কারকাজ না হওয়ায় কেন্দ্রগুলোর বর্তমান চিত্র অত্যন্ত করুণ। বেশিরভাগ ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ার উপক্রম হয়েছে। দরজা-জানালা হারিয়ে ভবনগুলো এখন কঙ্কালসার রূপ ধারণ করেছে। দিনের পর দিন এসব কার্যালয় পরিত্যক্ত থাকায় রাতের অন্ধকারে তা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। স্থানীয়রা জানান, সেবা পাওয়ার আশা তো দূরের কথা, এখন ওই ভবনগুলোর পাশ দিয়ে চলাফেরা করতেই ভয় পান তারা।
সেবা কেন্দ্রগুলোর এমন করুণ দশার কারণে জেলার সাধারণ খামারি ও প্রান্তিক কৃষকরা চরম বিপাকে পড়েছেন। গবাদিপশুর সামান্য কোনো রোগ দেখা দিলেই তাদের দূর-দূরান্তের জেলা বা উপজেলা সদরে অবস্থিত প্রাণিসম্পদ অফিসে ছোটাছুটি করতে হয়, যা দরিদ্র খামারিদের জন্য অতিরিক্ত অর্থ ও সময়ের অপচয় ঘটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি এমন গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট মহলের উদাসীনতাই দায়ী। তারা অবিলম্বে এসব কেন্দ্র পুনর্নির্মাণের দাবি জানান।
মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, "এখন এই পশু হাসপাতালগুলো মদের কারখানা হয়েছে। ছেলেপেলেরা ফেনসিডিল খায়। এর ভিতর সাধারণ লোকজন ভয়ে কিছু বলে না।"
অন্যদিকে, গ্রামটির কৃষক আব্দুল বাতেন বলেন, "আমাদের এখানে পশু হাসপাতাল বন্ধ হওয়ায় গরু-ছাগল নিয়ে জয়পুরহাট যেতে হয়। এটা আমাদের জন্য খুব কষ্টের। এত টাকা-পয়সা আমাদের নেই। আমরা চাই, হাসপাতালটি আবার দ্রুত চালু হোক।"
এ বিষয়ে কথা হলে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন বলেন, "বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে কেন্দ্রগুলো সংস্কারের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। দ্রুত বরাদ্দ পাওয়া গেলে কেন্দ্রগুলো পুনর্নির্মাণ করে প্রান্তিক পর্যায়ে পুনরায় প্রাণিসম্পদ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।"
গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে এবং প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য। সরকারি এই মূল্যবান সম্পদ সংরক্ষণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত প্রাণিসম্পদ সেবা পুনরায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবে- এটাই এখন জয়পুরহাট জেলাবাসীর দীর্ঘদিনের দাবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন