প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসব নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহের পারদ চড়েছে। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি নিয়ে চলছে আলোচনা।
এখন পর্যন্ত জানা গেছে, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অংশ নিতে কলকাতায় আসছেন বলিউড তারকা সালমান খান।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে মন্তব্য করেছেন। তার বক্তব্যে উল্লেখ করা হয়েছে, সালমান খানের হাত ধরেই এবারের চলচ্চিত্র উৎসব শুরু হতে পারে। সালমান ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও অনেক তারকা উপস্থিত থাকবেন।
এর আগে ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল ও পরিচালক মধুর ভাণ্ডারকরের উপস্থিতির কথা রয়েছে। এছাড়া ১ নভেম্বর উৎসব কমিটির বৈঠকে বলিউড তারকা অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের আসার বিষয়টিও আলোচনায় এসেছে। জনি লিভার ও পরিচালক অনুরাগ বসুও অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে খবর রয়েছে।
উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অতিথি তালিকায় শুধু বলিউড তারকারাই নয়, আন্তর্জাতিক অঙ্গনের অভিনেতা ও শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারের উৎসবে ফিল্ম বাজারও থাকছে, যার দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ। সব মিলিয়ে এবারের আয়োজন নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে। তবে অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে সালমান খানের নাম অতিথি তালিকায় যুক্ত হওয়ায় আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তাজনিত কারণে তার প্রকাশ্যে যাতায়াত অনেকটাই সীমিত হয়ে গেছে। বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে তিনি কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। এ অবস্থায় কলকাতা চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতির খবর স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
তবে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সালমানের উপস্থিতি এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ২৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন এই অভিনেতা। সেবার তিনি মজার ছলে মুখ্যমন্ত্রীর বাড়ির প্রসঙ্গ টেনে বলেছিলেন, মমতার বাড়ি দেখতে গিয়ে বুঝেছেন, তার নিজের বাড়ির চেয়েও ছোট মুখ্যমন্ত্রীর বাসভবন। বাংলায় কথা বলার চেষ্টা করেছিলেন এবং কলকাতায় আবার আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবারের উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। নতুন লোগোও প্রকাশ করা হয়েছে, যা তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। ১৬ ডিসেম্বর শুরু হয়ে উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এ ছাড়া রেড কার্পেটের আয়োজনও থাকবে।
প্রতি বছরই কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকায় শাহরুখ খানের উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে শাহরুখ এবারের উৎসবে যোগ দেবেন কি না, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গেছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালন, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহাসহ একাধিক তারকাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন