প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা উত্তর কোরিয়ার, ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে ৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের মধ্যে ৯০০ জনেরও বেশি মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। এফবিআই এই প্রতারণার কৌশলটির নাম দিয়েছে ‘ফেসস্টিলার’ বলে।
এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান মন্তব্য করেন, উত্তর কোরিয়ার সরকার তাদের অবৈধ অস্ত্র কর্মসূচিতে অর্থ যোগাতে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এভাবে কয়েক শত কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
এক সপ্তাহ আগে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছিল, ভুয়া চাকরির সাক্ষাৎকারের ফাঁদে ফেলে হ্যাকাররা তাদের কাছ থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এই অর্থের পরিমাণ ৪৭০ কোটি ব্রিটিশ পাউন্ডের সমান।
মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই ঘটনার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী জড়িত। তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফেসস্টিলার’ নামের নতুন এই প্রতারণার কৌশলে মূলত ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব৩ খাতে কর্মরত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে যারা ওপেন-সোর্স সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করেন, তারা এই হ্যাকারদের প্রধান লক্ষ্য।
এফবিআই ও আদালতের নথি অনুযায়ী, ‘ফেসস্টিলার’ প্রতারণার সঙ্গে যুক্ত হ্যাকাররা ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে। এ জন্য তারা জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণ ব্যবহার করে। হ্যাকাররা আগে থেকে ধারণ করা ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের ভিডিও কলে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়।
এসব ভিডিওতে এমন ব্যক্তিদের দেখা যায়, যাদের সঙ্গে ভুক্তভোগীদের আগে থেকেই পরিচয় রয়েছে। ফলে ভিডিও কলটি আসল বলে মনে হয়। তবে কল চলাকালে হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে অডিওতে সমস্যা হচ্ছে বলে ভান করে।
এরপর ভুক্তভোগীর কম্পিউটার বা মোবাইলের পর্দায় একটি বার্তা দেখানো হয়। এতে অডিওর সমস্যা সমাধানের জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। কিন্তু সমস্যা সমাধানের নামে ওই লিংকে ক্লিক করলেই ভুক্তভোগীর ডিভাইসে ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) ডাউনলোড হয়ে যায়। এর মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগীর যোগাযোগের তালিকা (কন্টাক্ট লিস্ট) এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ পেয়ে যায়।
ফলে তারা আরো নতুন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা গোপনে এসব ভিডিও কল রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ড করা ভিডিও ব্যবহার করে নতুন ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলে।
এফবিআই ‘ফেসস্টিলার’কে অত্যন্ত কার্যকর একটি প্রতারণার কৌশল হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে, এই কৌশলের মাধ্যমে হ্যাকাররা প্রযুক্তিগতভাবে দক্ষ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন ব্যক্তিদেরও সহজে বিভ্রান্ত করতে পারে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, এই প্রতারণায় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের প্রতি মানুষের আস্থা এবং ব্যক্তিগত পরিচিতির সম্পর্ককে কাজে লাগানো হয়। তিনি আরো বলেন, ‘আপনি যদি মনে করেন, এমন পরিস্থিতিতে কখনোই আপনার প্রতারিত হওয়ার আশঙ্কা নেই, তাহলে বুঝতে হবে আপনি বিষয়টি যথেষ্ট গভীরভাবে বিবেচনা করছেন না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন