প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : সোমবার এশিয়ার শেয়ারবাজারে দরপতন ঘটেছে, কারণ গত সপ্তাহের নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।
বিনিয়োগকারীরা কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর সোমবার কিছুটা কমেছে। যদিও বাজার সামান্য স্বস্তি পেয়েছে, বিনিয়োগকারীদের উদ্বেগ কাটেনি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে মার্কিন হামলা পুনরায় শুরু হতে পারে— এমন আশঙ্কা বাজারের মনোভাবকে দুর্বল করে রেখেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারেও চাপ অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে বিপুল বিনিয়োগের ফলে শেয়ারবাজার একাধিকবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে এই বিপুল বিনিয়োগ দীর্ঘমেয়াদে টেকসই মুনাফা এনে দিতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
প্রযুক্তি খাতে বিনিয়োগ করা বিপুল অর্থ থেকে আদৌ কখন এবং কতটা মুনাফা আসবে, তা নিয়ে ব্যবসায়ীরা ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন। একই সঙ্গে সুদের হার ও বন্ডের মুনাফার হার বাড়তে থাকায় কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যালফাবেটের আর্থিক ফলাফল প্রকাশিত হবে। এই তিনটি প্রতিষ্ঠান বহুল আলোচিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ প্রযুক্তি কোম্পানির অন্তর্ভুক্ত। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের ফলাফলও প্রকাশ করা হবে।
গত সপ্তাহে টেসলা ও মেটার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর প্রযুক্তি খাতে বিপুল ব্যয় নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাব শেয়ারবাজারেও পড়েছে।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্টিফেন ইনেস বলেন, ‘চলতি আয় প্রকাশের মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের আগে এআই খাতের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন এখন বিনিয়োগকারীদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতে যাচ্ছে। এটি এমন কোনো প্রান্তিক নয়, যেখানে একটি কোম্পানি শুধু প্রত্যাশার চেয়ে ভালো ফল দেখিয়ে বা পূর্বাভাস সামান্য বাড়িয়ে প্রশংসা পেয়ে যাবে। বিনিয়োগকারীরা এখন বাস্তব প্রমাণ চান।’
শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের প্রধান তিনটি শেয়ারসূচকই দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করে। চলতি সপ্তাহের শুরুতে এশিয়ার বাজারগুলোতেও একই প্রবণতা দেখা যায়।
এআই খাতের পরিস্থিতি বোঝার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে এক শতাংশের বেশি দরপতন হয়েছে। এ ছাড়া টোকিও, সাংহাই, হংকং, সিডনি, সিঙ্গাপুর ও ম্যানিলার বাজারেও দর কমেছে।
এদিকে শুক্রবার মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংকটের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম তিন শতাংশের বেশি বেড়েছিল। উত্তর গোলার্ধে শীতকাল ঘনিয়ে আসায় জ্বালানির চাহিদা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে সোমবার তেলের দাম এক শতাংশের বেশি কমেছে।
আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন— এমন জল্পনা বৃদ্ধি পাচ্ছে।
কয়েকজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, নতুন মার্কিন কংগ্রেসের কার্যক্রম শুরুর আগের কয়েক মাস বিশেষভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন, যা ইরানে নতুন করে মার্কিন হামলা শুরুর আশঙ্কা কমাতে পারেনি।
তিনি বলেন, ‘আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে—আমি কি এর চূড়ান্ত নিষ্পত্তি করব, যা করা খুবই সহজ, নাকি কোনো সমঝোতায় পৌঁছাব? ব্যস, এটাই।’
এদিকে ওই অঞ্চলে আরও সামরিক শক্তি পাঠানো হয়েছে। এর মধ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরির বহরও রয়েছে। একই সঙ্গে সেখানে যুক্তরাষ্ট্রের জনবলও কমানো হয়েছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং জাপান ব্যাংকের মুদ্রানীতিসংক্রান্ত সিদ্ধান্তও বিনিয়োগকারীদের নজরে থাকবে।
ফেডারেল রিজার্ভ এবার সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন