প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক পবিত্র মক্কা-মদিনার বিভিন্ন স্থাপনায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মভূমি সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ এবং মদিনায় নবীজির পবিত্র রওজা মোবারক বিদ্যমান রয়েছে, যা বিশ্বমুসলমানের কাছে প্রাণের চেয়েও প্রিয়।" মক্কা-মদিনায় হামলা মূলত সারা বিশ্বের মুসলমানদের ওপর হামলা। তিনি আরও জানান, "অসংখ্য নবীর পদচারণে ধন্য আরব দেশ এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি মুসলমানরা কোনোভাবেই বরদাস্ত করবে না।"
শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুথিদের হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, "পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করে গভীর ক্ষত সৃষ্টি করেছে।" তিনি সতর্ক করে বলেন, সৌদি আরবকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র মুসলমানরা মেনে নেবে না। তিনি উল্লেখ করেন, "এ ধরনের ন্যক্কারজনক হামলা যেকোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে।" তিনি আরও বলেন, মুসলিমবিদ্বেষী দেশ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মুসলিম দেশগুলোকে ধ্বংস করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। হুথি সন্ত্রাসীরা মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়ে পবিত্র ওমরাহযাত্রী এবং সাধারণ মানুষকে হতাহত করছে। কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে বাংলাদেশি ওমরাহযাত্রীদের কাফেলার ওপর হামলা চালিয়ে মারাত্মক হতাহতের ঘটনা ঘটানো হয়েছে এবং বিভিন্ন সময় হামলা চালিয়ে প্রবাসী বাংলাদেশিদেরও হত্যা করা হয়েছে। তিনি বলেন, "মুসলমানরা জীবন দিয়ে হলেও পবিত্র মক্কা-মদিনা রক্ষা করতে বদ্ধপরিকর।"
হুথিদের হামলা বন্ধে ওআইসি ও জাতিসংঘের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
দলের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীর পরিচালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আবুল হাসান কাসেমী, ইঞ্জিনিয়ার মুফাসসীর হোসাইন ও মুফতি জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি কামরুল ইসলাম, মুফতি রশীদ আহমদ, মাওলানা তানজিল হাসান, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা মনির হোসেন ও শাহিনুর আলমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "মক্কা-মদিনাসহ মুসলিম দেশ এবং মুসলমানদের পবিত্র স্থানসমূহ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আরব বিশ্বের প্রধান দায়িত্ব।" বক্তারা আরও জানান, আরব দেশগুলো রক্ষায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। খেলাফত আন্দোলনের নেতারা প্রয়োজনে বাংলাদেশ থেকেও সৈন্য পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন