প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে। তবে, পর্যটন মৌসুম শুরুর আগে এখনো কোনো পর্যটকবাহী জাহাজের চূড়ান্ত চলাচলের অনুমতি মেলেনি। এর ফলে জাহাজমালিক এবং দ্বীপের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
এবার পরিবেশ সংরক্ষণে টেকনাফ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রাখা হচ্ছে। পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট দিয়ে দ্বীপে যেতে হবে। তবে প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হবে না। এ বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর মন্তব্য করেন, ‘প্রায় ১০টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও চূড়ান্ত সরকারি অনুমোদন এখনও পাওয়া যায়নি। সময়মতো জাহাজ চালু করতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের জীবন-জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন মৌসুম সামনে রেখে দুই শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় প্রস্তুতি চলছে। কিন্তু জাহাজ চলাচল অনিশ্চিত হওয়ায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।’ তিনি আরও জানান, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেটির কাজ এখনও শেষ হয়নি। পর্যটকদের নিরাপদে ওঠানামার জন্য জেটির পন্টুন ও প্ল্যাটফর্ম দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনী জাহান বলেন, ‘আগ্রহী জাহাজগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হচ্ছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী এবার টেকনাফ ঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হচ্ছে না। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন