প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের নতুন অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘সয়’ মুক্তি পেয়েছে। সিনেমাটি পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তুরস্কের নতুন হরর সিনেমা ‘সয়’। সিনেমাটি মুক্তির বিষয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সম্প্রতি তুরস্কে মুক্তি পাওয়া এই ভৌতিক সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। আজ ১৩ নভেম্বর দেশব্যাপী এটি মুক্তি পেয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। এর চিত্রনাট্য রচনা করেছেন তুর্কি আল-শেখ, মেলিহ ওজিলমাজ এবং শুকরু নেজাতি শাহিন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বারিশ আরদুচ (ক্যান), ফারাহ জয়নব আবদুল্লাহ (বাসাক) এবং তুবা বুয়ুকস্তুন। এছাড়াও তামের লেভেন্ট, মেহমেত ইলমাজ আক ও ওজগে ওজাকার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটি তুরস্কে মুক্তি পায় চলতি বছরের ৯ অক্টোবর। নিজ দেশে মুক্তির ১ মাস পর, ১৩ নভেম্বর থেকে এটি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রদর্শিত হচ্ছে। ৯৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ১৬ বছরের বেশি বয়সী দর্শকদের জন্য নির্মিত।
সিনেমাটির কাহিনী শুরু হয় প্রায় ৬০ বছর আগে প্রাচীন মিসরের একটি সমাধি লুণ্ঠনের ঘটনা থেকে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটান। এর ফলে প্রাচীন মিসরীয় অশুভ শক্তি আবার জেগে ওঠে। এতে করে পরিচিত ও কাছের মানুষদের মধ্যে অবিশ্বাস এবং ভয়াবহ আক্রমণ শুরু হয়।
এটি ভিন্নধর্মী গল্পের মাধ্যমে তুরস্কের প্রচলিত জিন-নির্ভর ভৌতিক সিনেমার বাইরে গিয়ে প্রাচীন মিসরীয় অভিশাপ ও পারিবারিক গোপন ইতিহাসের মেলবন্ধন ঘটিয়েছে। পাশাপাশি, নির্জন প্রাসাদের গুমোট পরিবেশ, বংশপরম্পরায় বয়ে চলা পাপ এবং মনস্তাত্ত্বিক ভয় সিনেমাটিতে বাড়তি উত্তেজনা যোগ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন