প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই ভবনটি কাউখালী বেইলি ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে অবস্থিত, যার কারণে নিয়মিতভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ঘটছে ঘন ঘন দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক একজন ব্যক্তি, যার নাম আব্দুল হক। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির চাল ও দেয়ালের অংশ ভাঙাচোরা হয়ে পড়েছে এবং তা সরাসরি সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে প্রসারিত রয়েছে। এর ফলে সড়ক সংকুচিত হয়ে গেছে। ঢাকা, পিরোজপুর, খুলনা ও বরিশালগামী যাত্রী ও ভারী যানবাহনসমূহ যখন বেইলি ব্রিজ অতিক্রম করে এই অংশে পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা যানবাহনকে দেখতে পারে না। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী বারবার ভবনটি অপসারণের জন্য মালিক আব্দুল হককে অনুরোধ করেছেন। তবে তিনি কোনো তোয়াক্কা না করে ভবনটি অপসারণ করা থেকে বিরত রয়েছেন। সরকারি উদ্যোগ কিংবা স্থানীয় প্রশাসনের তাগিদ সত্ত্বেও ভবনটি অপসারণ না হওয়ায় ভবন মালিকের "খুঁটির জোর" কোথায়—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় এক বাস চালক জানান, "বেইলি ব্রিজের পার হয়েই মোড় ঘেঁষে এই পুরনো ভবনটি থাকায় বিপরীত দিক থেকে গাড়ি আসলে দেখতে অসুবিধা হয়। বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। দ্রুত এটি সরিয়ে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।" এ ব্যাপারে ভবনের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এক আত্মীয়ের মাধ্যমে জানা গেছে, এই ভবন নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
সড়কে যাতায়াতকারী হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে, ভবনটি অপসারণে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাহী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কাউখালীবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন