প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং, যিনি তাইওয়ানে জন্মগ্রহণ করেন, ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ইসলাম গ্রহণ। তিনি ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকেই জীবন ও জগতের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে তার মনে নানা প্রশ্ন ছিল। ইসলাম সম্পর্কে জানার আগ্রহও তার ছোটবেলায় তৈরি হয়।
১৯৬৬ সালে তাইপেতে জন্মগ্রহণকারী জ্যাকি ইং, সাত বছর বয়সে তার পরিবারসহ সিঙ্গাপুরে চলে যান। তার বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে আগ্রহী ছিলেন, যার ফলে তিনি শৈশবে সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন।
সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের জীবনযাপন এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার মাধ্যমে ইসলামের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে ইসলামের শিক্ষার সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন জ্যাকি ইং এবং ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।
এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে তার অভিজ্ঞতা তুলে ধরেন এই বিজ্ঞানী। তিনি বলেন, "কোরআন একটি অসাধারণ গ্রন্থ। এতে জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও এতে দিকনির্দেশনা পাওয়া যায়।"
জ্যাকি ইং জানান, জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে শৈশব থেকেই তার আগ্রহ ছিল। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ এবং ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার এই অনুসন্ধান ব্যক্তিগত এক যাত্রায় পরিণত হয়।
বিজ্ঞানের জগতে জ্যাকি ইংয়ের অর্জনও উল্লেখযোগ্য। ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরের বছর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) যোগ দেন।
২০০১ সালে, মাত্র ৩৫ বছর বয়সে, তিনি এমআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ অধ্যাপক হন। ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে তিনি ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন।
ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে নিজ ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সূত্র: হুমানিস্তান
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন