প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন প্রতিহত করেছে। শুক্রবার এই হামলাগুলো দেশের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছিল বলে জানায় জোট।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। জুলাই মাসে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসছিল। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে।’
তিনি আরও জানান, হুতিদের দুটি ড্রোনও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যা ভূপাতিত করা হয়েছে।
শুক্রবার সকালে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের দক্ষিণাঞ্চলীয় জিজান ও আবহা শহর এবং খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে।
পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
গত কয়েক সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলাগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রাজধানী রিয়াদের আর্থিক ও বাণিজ্যিক এলাকা।
বৃহস্পতিবার হুতিদের হামলায় রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তেলসমৃদ্ধ দেশের অর্থনীতি ও অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত।
কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনটির নাম প্রকাশ করেনি। তবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবনটির জানালার কাচ ভাঙা এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবিগুলোতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। এই ভবনে সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’-এর কার্যালয় অবস্থিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন