প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তরের হিমেল হাওয়া শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে। সর্বত্র শীতের প্রস্তুতি চলছে। আবহাওয়া পরিবর্তনের ফলে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে শিশু রোগীদের ভিড় বাড়ছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সকাল ১০টায় সড়কপথে এবং আশপাশের মাঠঘাটে সূর্যের দেখা মেলেনি, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সড়কপথে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে।
তাপমাত্রা কমে যাওয়ার কারণে নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও সূর্য উঠলেও রোদ্দুর মিলছে না।
জেলায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র না থাকায় কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন শীতের তীব্রতা বাড়ছে। রাতের তাপমাত্রা আরো কমতে পারে এবং কুয়াশা ঘন হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার ফলে শিশুসহ বৃদ্ধরা ঠান্ডাজনিত অসুখে ভুগছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশু বিভাগে শতাধিক শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্রহায়ণ মাসের শুরু থেকেই হিম বাতাস বইতে শুরু করেছে। ফলে ঠান্ডা বাড়তে শুরু করেছে। গত দুদিন ধরে এখানে পূর্ণাঙ্গ সূর্যের দেখা মিলছে না। এ জনপদে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।
হিম বাতাস ও রোদহীন পরিবেশে এখানকার ঠান্ডাকাতর মানুষরা রাতে বিছানায় শোয়ার সময় লেপ, কাঁথা ও কম্বল ব্যবহার করছেন। দিনের বেলা শরীরে মোটা শীতের কাপড় জড়াচ্ছেন। এখানে বেশি ঠান্ডায় কাতর হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। এছাড়াও ঠান্ডার আগাম উপস্থিতিতে শিশু, বয়োবৃদ্ধসহ প্রায় সব বয়সের মানুষের মাঝে ঠান্ডাজনিত সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে ধীরে ধীরে শীতের হাওয়া বইতে শুরু করছে। ইতিমধ্যে লেপ-তোশকের কারিগররা সংশ্লিষ্ট কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রাত হলেই শীতের প্রকোপ বাড়ছে। শিশু ও বৃদ্ধদের জন্য গরম পোশাক ক্রয় করছেন লোকজন। এছাড়া কারিগররা শীতের আগেই রেডিমেড লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
কাপ্তাই নতুন বাজার ইলিয়াস বেডিংয়ের পরিচালক জানান, শীতের আগমনে প্রতি বছরের ন্যায় এবারও আমরা রেডিমেড লেপ-তোশক তৈরি করছি। উন্নতমানের জাজিং কাপড় দিয়ে সাত ফুট বাই আট ফুট সাইজের একটি লেপ তৈরিতে ৩,৮০০ টাকা, কারপাস তুলা দিয়ে তৈরিতে একই সাইজের দাম ২,৮০০ টাকা এবং চায়না মেট্রো তৈরিতে ৩,০০০ টাকা করে নেওয়ার কথা জানান তিনি।
লেপ-তোশক তৈরির কারিগর আলা উদ্দিন জানান, আমরা তুলা, কাপড় ও বিভিন্ন ধরনের উন্নত কাপড় সংগ্রহ করে রেখেছি। সামনে শীতের প্রকোপ বাড়লে বেশি অর্ডার পাওয়া যাবে। বর্তমানে কারিগররা রেডিমেড লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে এবারের বেচাবিক্রি এখনও কম।
এছাড়া তুলা ও লেপ তৈরির সরঞ্জামের দাম আগের তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।
বিলাইছড়ি থেকে কাপ্তাইয়ে লেপ-তোশক তৈরি করার জন্য আসা মংসুইনু মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে কাপ্তাই নতুন বাজারে এসেছি শীতের লেপ-তোশক বানানোর জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন