প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদকের আস্তানা লক্ষ্য করে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
গত ১ ও ২ নভেম্বর, টানা দুই দিন ধরে এই অভিযান পরিচালিত হয়, যার ফলে মাদক ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা এবং গোপন আস্তানাগুলো ধ্বংস করা হয়। অভিযানের ফলস্বরূপ স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
যাত্রাবাড়ী থানার সূত্রে জানা গেছে, ধলপুর সিটি পল্লী ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী চক্র দীর্ঘকাল ধরে গোপনে এবং প্রকাশ্যে মাদক কেনাবেচা করে আসছিল। এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় মাদকের এই বিস্তারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের জন্য মাদকের ঝুঁকি বৃদ্ধি পেয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে ওই এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আবারও পুরনো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছিল। ফলে কেবল গ্রেপ্তারের মাধ্যমে মাদক ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক বিক্রির স্থান এবং তাদের ব্যবহৃত অবৈধ স্থাপনাগুলো স্থায়ীভাবে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপির ওয়ারী বিভাগ এবং সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভবিষ্যতে নতুন করে মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে জন্য এলাকায় নিয়মিত পুলিশি টহল এবং সাদা পোশাকে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্যমতে, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মাদকসংক্রান্ত ৩৫টি মামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় ৩টি মামলা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ওই এলাকায় ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ধলপুর সিটি পল্লীসহ যেকোনো স্থানে মাদক কারবারি এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন