প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনা রোধে সোনালী ব্যাংক পিএলসি সোনালী ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে। ব্যাংক কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে যে, ই-ওয়ালেটের অ্যাপের পিন, পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্য কারও সঙ্গে শেয়ার না করার জন্য গ্রাহকদের আহ্বান জানানো হচ্ছে।
সম্প্রতি সিলেটের কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান সকল গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।
ব্যাংক সূত্রে জানা যায়, সিলেটের ওই গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হয়। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ওই গ্রাহক দাবি করেন যে, তিনি সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন করেননি।
তবে তদন্তে প্রাথমিক তথ্য অনুসারে জানা যায়, তার মোবাইল ফোনে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করা হতো এবং একই ফোনে পরিবারের অন্যান্য সদস্যরাও অ্যাপটি ব্যবহার করতেন। ওই ফোনে থাকা ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে একাধিক লেনদেন করে বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়।
সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান বলেন, "ব্যাংকের যেকোনো ডিজিটাল সেবা চালুর ক্ষেত্রে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের ব্যবস্থা রাখা হয়।" ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মাল্টিলেয়ার ভেরিফিকেশন নিশ্চিত করা হয়, ফলে একজনের ই-ওয়ালেট ব্যবহার করে অন্যজনের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ই-ওয়ালেট অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং যেকোনো ওটিপি বা এসএমএসের তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এসব গোপন তথ্য অন্যের হাতে চলে গেলে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাহককেই মূল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সোনালী ব্যাংক সব শ্রেণির গ্রাহকের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংক কর্তৃপক্ষের মতে, ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নিজস্ব মোবাইল ফোন ব্যবহার, অ্যাপের গোপন তথ্য সংরক্ষণ এবং লেনদেনের বার্তা সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে পরিবারের অন্য সদস্য বা পরিচিত ব্যক্তির সঙ্গে একই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ই-ওয়ালেটের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন