প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিপ্রো অ্যারেনা একসময় ইউক্রেনের ফুটবলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বর্তমানে সেই স্টেডিয়ামটি নিলামে উঠতে যাচ্ছে। এর সাথে ঐতিহাসিক ক্লাব এফসি নিপ্রোর অনুশীলন কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (প্রাইভেটব্যাংক) ৬ অক্টোবর স্টেডিয়াম এবং অনুশীলন কেন্দ্রের নিলাম আয়োজন করবে।
প্রাইভেটব্যাংক-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিলামের জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৭০ লাখ ১৪ হাজার হৃভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি ৫৫ লাখ টাকার সমান। নিলামে অংশগ্রহণ করতে হলে জামানত হিসেবে দিতে হবে প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।
নিপ্রো অ্যারেনার দর্শক ধারণক্ষমতা ৩১ হাজার। ২০০৮ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে ২৯৬ আসনের ভিআইপি বক্স, ৫৫০ আসনের রেস্তোরাঁ এবং গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।
অনুশীলন কেন্দ্রটিতে চারটি প্রাকৃতিক ঘাসের মাঠ, তিনটি কৃত্রিম টার্ফের মাঠ, ৫০৬ দর্শক ধারণক্ষমতার ইনডোর মাঠ, আবাসিক ভবন, সুইমিং পুল, জিম এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে।
২০১৫ সালে এফসি নিপ্রো ক্লাবটি উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিরুদ্ধে খেলেছিল, যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। তবে ক্লাবটি আর্থিক সংকটে পড়ে পেশাদার ফুটবল কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়।
অনেকে মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এফসি নিপ্রো দেউলিয়া হয়ে গেছে। কিন্তু আসলে এমনটি হয়নি। ক্লাবটির মালিক ইগোর কলোময়েস্কির উদাসীনতার কারণে ধীরে ধীরে ক্লাবটি দেউলিয়াত্বের দিকে চলে যায়।
কলোময়েস্কি হঠাৎ করে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় খেলোয়াড় ও কোচদের বেতন বকেয়া পড়ে। এর ফলে ফিফা ও আদালতের নির্দেশে ক্লাবটির ওপর দলবদলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং পয়েন্ট কাটা হয়।
এফসি নিপ্রো অবনমন হতে হতে একসময় অপেশাদার লিগে নেমে যায় এবং ২০১৮ সালে ফিফা ক্লাবটিকে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করে।
পরে একই শহরে এসসি নিপ্রো-১ নামে একটি নতুন ক্লাব গড়ে ওঠে। তবে ফিফার নথি অনুযায়ী, সেটিকে এফসি নিপ্রোর আইনগত উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
প্রাইভেটব্যাংক জানিয়েছে, সম্পূর্ণ উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে স্টেডিয়ামটি বিক্রি করা হবে, যাতে সম্ভাব্য বিনিয়োগকারীরা সমান সুযোগ পায় এবং নিলামের মাধ্যমে সম্পদের বাজারমূল্য নির্ধারণ হয়।
২০২৫ সালে আগের নিলামে কোনো দরদাতা পাওয়া যায়নি। তাই এবার নতুন করে নিপ্রো অ্যারেনা নিলামে তোলা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন