প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, অপরাধীরা যতই ক্ষমতাবান হোক, তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, ‘মাদক ও কিশোর গ্যাং পাড়া মহল্লাগুলোতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সব অপরাধের মূল কারণ হচ্ছে মাদক। মাদকের কারণে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে।’
তিনি মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, ‘অপরাধীরা যে ধর্মের, মতের বা যত ক্ষমতাবান হোক না কেন, পুলিশ তাদের কাউকেই রেহাই দেবে না।’
আলী হোসেন ফকির উল্লেখ করেন, পাড়ায় পাড়ায় যুব সমাজ মাদকের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তিনি বলেন, ‘তারা পড়াশোনা ছেড়ে এখন বিভিন্ন অন্ধকার জায়গায় নেশা করছে। এর ফলে বড় বড় খুনের ঘটনা ঘটছে। সব কিন্তু নেশাগ্রস্ত লোকের কারণে। কিশোর গ্যাং নির্মূলে আমরা কাজ করছি।’
কিশোর গ্যাংয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওসি সদস্য সচিব হবে এবং টিএনও সভাপতি হবে।’
আইজিপি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে পুলিশের মধ্যে ভীতিকর পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ বাহিনীর যে অবস্থান ছিল, পুলিশ রাস্তায় ডিউটি করতে ভয় পেত। সেখান থেকে পুলিশকে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম করেছি। তাদের মনোবল, ক্যাপাসিটি ও স্কিল বৃদ্ধির জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। মানুষ যাতে নিরাপদে ঘরে বসবাস করতে পারে এবং দিনে রাতে নির্ভয়ে চলাচল করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। সহযোগিতা ছাড়া কিন্তু হবে না।’
আইজিপি আলী হোসেন ফকির আইন প্রয়োগ যথাযথভাবে বাস্তবায়ন করতে দেশের প্রচলিত সব আইন মেনে চলতে প্রতিটি নাগরিককে আহ্বান জানান।
আইন প্রসঙ্গে নাগরিক সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আইন ঠিক রাখতে হলে সিটিজেনদের আইন মানতে হবে। আইন ভঙ্গকারী সিটিজেন তো দেশের কোনো উপকারে আসবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একযোগে কাজ করব। আইনকে প্রতিষ্ঠিত করব। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো ইম্পায়ার করব। তা না হলে তো আপনার আমার কারো ভবিষ্যৎ নিরাপদ নয়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন