প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উন্নত জীবনের সন্ধানে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করার পথে সাগরে প্রায় ১৭৫ অভিবাসী নিখোঁজ হয়ে গেছেন। সেনেগালের রাজধানী ডাকার থেকে ইউরোপের দিকে যাত্রা করা একটি কাঠের নৌকার সঙ্গে যোগাযোগ প্রায় দুই সপ্তাহ আগে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে নৌকাটির যাত্রীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্থানীয়ভাবে এই ধরনের কাঠের নৌকাকে ‘পিরোগ’ বলা হয়। ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন।
তবে অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থা দাবি করেছে, নৌকাটির ১৭২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। সংস্থাটি তাঁদের সন্ধানে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার দাবি করেছে।
এদিকে, সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকায় থাকা ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সমুদ্রযাত্রার আগেই থামানো হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনে ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।
তবে ইউরোপে পৌঁছানোর এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। শুধু চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ৬৩৫ জন প্রাণ হারিয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন