প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দেয়ার পর অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। তবে বিমান চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন এভিয়েশন কর্তৃপক্ষ।
এদিকে, ঠিক কি কারণে যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি ঘটেছিল, তা জানার জন্য জোরালো চেষ্টা চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত একটি বেসরকারি নেটওয়ার্কে সফটওয়্যার আপডেট দেয়ার পর সেটি রিস্টার্ট হয়ে অচল হয়ে পড়ে। এর ফলে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।
প্রতিবেদন অনুযায়ী, নেটওয়ার্কটি পরিচালনা করে প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস টেকনোলজিস। এ বিষয়ে মন্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়। এ পরিস্থিতিতে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ এবং নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর ২টা ৫৪ মিনিট) দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিপর্যয়ের কারণে ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই বিভ্রাটের পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কিংবা এটি যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করেছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
যেভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ হলো
৩টা ৫৪ মিনিটের আগে: বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কারণে শিকাগোর ও'হেয়ার ও মিডওয়ে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় এফএএ।
৩টা ৫৪ মিনিট: যুক্তরাষ্ট্রজুড়ে সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন স্থগিতের নির্দেশ জারি করে এফএএ। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সময় আকাশে উড়ছিল প্রায় ৪ হাজার ৪২টি বিমান।
যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি: যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশটির ২২টি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রই যোগাযোগ সমস্যায় আক্রান্ত হয়েছে। সমস্যার কারণ অনুসন্ধানে কাজ করছেন এফএএর কারিগরি কর্মীরা।
আকাশে থাকা বিমানের জন্য নির্দেশনা: যেসব বিমান তখন আকাশে ছিল, যন্ত্রপাতির ত্রুটির কারণে সেগুলোকে আগে থেকে নির্ধারিত অপেক্ষমাণ আকাশপথ অনুসরণ করার পরামর্শ দেয় এফএএ।
আকাশে হাজারো বিমান: ফ্লাইটরাডার২৪ জানায়, তখনো প্রায় ৩ হাজার ১০০টি বিমান যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর উদ্দেশে আকাশে উড়ছিল।
নাশকতার আশঙ্কা নাকচ: মার্কওয়েন মুলিন বলেন, এ ঘটনায় কোনো নাশকতামূলক হামলা বা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্তকারীরা সম্ভাব্য কোনো কারণই উড়িয়ে দিচ্ছেন না।
ফ্লাইট বিপর্যয়: ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে অথবা বাতিল করা হয়েছে।
১৫ লাখ যাত্রী ভুক্তভোগী: মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রীর ভ্রমণের পরিকল্পনা ছিল।
চার ঘণ্টার বেশি সময় বন্ধ: যুক্তরাষ্ট্রে চার ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা খুলে দেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন