প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতকালীন সবজির সরবরাহ বাজারে বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে, গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমে গেছে। ফুলকপি, বাঁধাকপি এবং শিমের মতো শীতকালীন সবজি বর্তমানে তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে। তবে মাছের বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সরবরাহের অভাবে রুই, পাঙাশ এবং কৈ মাছের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমলেও সোনালী ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার পরিদর্শন করে এমন তথ্য পাওয়া গেছে।
বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৪০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
বিক্রেতাদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি এবং শিমের দাম আগের তুলনায় কমেছে। সবজি বিক্রেতা শাহবুদ্দিন জানান, ‘শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এ কারণে ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ বেশ কিছু সবজির দাম কমেছে।’
এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এবার বেশ কিছু সবজির দাম কমেছে। বিশেষ করে শীতের সবজি কম দামে পাওয়া যাচ্ছে। তবে বাজারে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।’
মাছের বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২০ থেকে ৩৪০ টাকা দরে। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ২০ টাকা। কাতলা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙাশ মাছের দাম ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা এবং কৈ মাছের দাম ২০ টাকা বেড়ে ২২০ টাকা কেজি হয়েছে।
মাছ বিক্রেতারা জানাচ্ছেন, বাজারে মাছের সরবরাহ কম থাকায় কয়েক ধরনের মাছের দাম বেড়েছে। বিশেষ করে রুই, পাঙাশ এবং কৈ মাছের দাম আগের তুলনায় বেশি।
মুরগির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালী মুরগি ৩২০ টাকা দরে। এই দুই ধরনের মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। তবে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে দাঁড়িয়েছে ৩৩০ টাকায়।
অন্যদিকে, ডিমের বাজারে দামের কোনো পরিবর্তন নেই। বর্তমানে লাল ডিম ডজনপ্রতি ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে দুই ধরনের ডিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন