প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বুকে যেন এক ভিন্ন রাজ্য! গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে বছরের পর বছর ধরে আইন-কানুন এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে রমরমা মাদক ব্যবসা। রাজউকের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা এই বস্তি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ মাদকের পাইকারি বাজার হিসেবে পরিচিত। পুলিশের দফায় দফায় অভিযান, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা—কোনো কিছুতেই এই মাদক সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
সম্প্রতি টঙ্গীর মাজার বস্তি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে আটকে রেখে মারধর করা হয় এবং পরে তাদের হাতে টাকা ধরিয়ে ভিডিও করা হয় মাদক কারবারিদের দ্বারা।
ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম জানান, “ঢাকা থেকে আমরা তিনজন একত্রে এই এলাকার মাদকের সাম্রাজ্য নিয়ে সংবাদ সংগ্রহে আসি। বস্তিতে প্রবেশের শুরু থেকে আমাদের ফলো করা হয়। পরে আমাদের আটকে ব্যাপক মারধর এবং মোবাইল ছিনিয়ে নিয়ে সবকিছু ডিলিট করা হয়। এরপর আমাদের সামনে মাদক রেখে ছবি তুলতে বাধ্য করা হয়। এ ঘটনার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনার কিছুদিন আগে স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন রিপনকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে নির্যাতন চালানো হয় মাদক কারবারিদের দ্বারা। অপরাধী শনাক্ত হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মহিউদ্দিন রিপন বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালায়। দীর্ঘদিন ধরে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণেই আমাকে সেদিন তুলে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায়। পরে তাদের শনাক্ত করা হয়, কিন্তু পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি।”
শুধু সাংবাদিকদের ওপর নয়, অভিযানে গেলে এর আগে কয়েক দফায় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে মাজার বস্তিতে। পুলিশ অবশ্য এমন ঘটনার জন্য জনবল ঘাটতি এবং সমন্বয়হীনতাকেই দায়ী করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, “গেল কয়েক মাসে এই এলাকায় অভিযান চালিয়ে অসংখ্য মাদক কারবারিকে গ্রেফতার করেছি। কিন্তু কয়েক দিনের মধ্যেই তারা আবারও ছাড়া পেয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে। তা ছাড়া আমাদের জনবল ঘাটতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি জেনেছি, শিগগিরই আসামিদের ধরতে আবারও অভিযানে নামব আমরা।”
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মাদক নিয়ে এই পথ ধরে চলে যায়। পাশেই তুরাগ নদ এবং রেলপথ থাকায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা সহজ। এসব কারণে সংবাদ প্রকাশ এখন নিরাপত্তা ঝুঁকির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। মাজার বস্তিটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। কিছুদিন আগে পুলিশের বেশ কিছু অভিযানে অপরাধীরা সরে গিয়েছিল, কিন্তু আবারও তাদের নিয়ন্ত্রণ চলে এসেছে বস্তির ওপর। দ্রুত সময়ের মধ্যে যৌথ টিম গঠন করে অভিযান এবং তাদের উচ্ছেদের পাশাপাশি বস্তিতে পুলিশের ক্যাম্প স্থাপনের দাবি জানাচ্ছি।”
মাদকের পাশাপাশি নগরীর ছিনতাই, খুনসহ নানা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল এই মাজার বস্তি। সম্প্রতি নামমাত্র অভিযানে এই বস্তি উচ্ছেদে এলেও অজানা কারণে পিছু হটেছে রাজউকও।
একদিকে প্রশাসন বলছে মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতির কথা, অন্যদিকে নিয়মনীতি এবং আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে চলছে এই মাদকের রমরমা ব্যবসা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন