প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫ বছর আগে উদ্বোধন করা হলেও আজও এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। যদিও হাসপাতালটি ২০ শয্যার নামে পরিচিত, সেখানে একটি শয্যাও নেই। ডাক্তার, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালটি বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে। অব্যবহারের কারণে ভবনের বিভিন্ন অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। হাসপাতাল চত্বরে গবাদিপশু চরছে এবং সিঁড়িতে ছাগলের মলমূত্র পড়ে রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক খোলা থাকলেও দোতলা ভবনের কোথাও রোগীর উপস্থিতি নেই। হাসপাতালের অধিকাংশ কক্ষ ফাঁকা পড়ে রয়েছে এবং ধুলাবালিতে ঢেকে গেছে। এক্স-রে, ইসিজিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের কোনো ব্যবহার বা অস্তিত্ব চোখে পড়েনি। একটি কক্ষে একজন নার্স সীমিত পরিসরে কয়েকজনকে বিনামূল্যে ওষুধ দিচ্ছিলেন, তবে হাসপাতালের কোথাও নিয়মিত চিকিৎসা সেবার পরিবেশ দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২১ সালের ২৬ ফেব্রæয়ারি সাবেক সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী হাসপাতালটির উদ্বোধন করলেও এরপর থেকে এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। চিকিৎসক না থাকায় অধিকাংশ সময় হাসপাতাল বন্ধ থাকে। ফলে অসুস্থ রোগীদের বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বরিশাল সদরে যেতে হয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের মূল ভবন নির্মাণে ও দুটি স্টাফ কোয়ার্টারসহ ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। হাসপাতালের জন্য চারজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক মেডিকেল অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট সার্জন, ছয়জন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং একজন অফিস সহায়কের পদ অনুমোদিত রয়েছে। কিন্তু অধিকাংশ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি দ্রুত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। অন্যথায়, সরকারি অর্থে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি অব্যবহারে আরও নষ্ট হয়ে যাবে এবং এলাকার হাজারো মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার জানান, হাসপাতালটির এখন পর্যন্ত প্রশাসনিক কোড ও অর্থনৈতিক কোড দেয়া হয়নি। কোড প্রদান করা হলে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালু হবে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ১ জন সিনিয়র স্টাফ নার্স কিছু ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা চালাচ্ছেন। সরঞ্জামাদি চুরি রোধে ১ জন নার্স হাসপাতালে রাত্রিযাপন করেন বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন