প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের জন্য পরিবেশিত খাবারের মেনু নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন যে, বিজেপি ভারতের খাদ্যসংস্কৃতির একটি নির্দিষ্ট পছন্দ বিশ্বনেতাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের গালা ডিনারে ১০টিরও বেশি পদ পরিবেশন করা হয়। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে, খাবারের শুরুতে স্টার্টার হিসেবে ‘খুম্ব গালাউটি’ এবং ‘খান্ডভি মিল্লে’ পরিবেশন করা হয়।
মূল খাবারের তালিকায় অন্তর্ভুক্ত ছিল ‘পনির লাবাবদার’, হিমালয়ান মোরেল মাশরুম ও অ্যাসপারাগাসের ‘গুচ্ছি মারমিক’, ‘ক্যারট বিন পরিয়াল’, মিলেট পোলাও, বিটরুট রায়তা এবং বিভিন্ন ধরনের ভারতীয় রুটি। মিষ্টান্ন হিসেবে ছিল জালেবি, ‘ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম’ এবং ‘শাহতুত ফিরনি’।
মেনু নিয়ে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “ভারতের ৮০ শতাংশ মানুষ আমিষভোজী। ভারতীয় আমিষ খাবার সুস্বাদু। আমার বোনের ছোলে ভাটুরের মতোই।”
কংগ্রেসের নেতা পবন খেরা অভিযোগ করেন যে, বিজেপি ভারতীয়দের ওপর নিজেদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি মন্তব্য করেন যে, এখন তারা বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের ওপরও একই পছন্দ চাপিয়ে দিয়েছে।
দলটির আরেক নেতা ওয়ারিস পাঠান বলেন, ভারত তার বৈচিত্র্য নিয়ে অনেক কথা বলে, কিন্তু এই মেনু সেই বৈচিত্র্যকেই মুছে দিয়েছে। তিনি উল্লেখ করেন যে, নিরামিষভোজিতা প্রচার করতে চাইলে তা করা যেতে পারে, তবে ভারতের খাদ্যসংস্কৃতিকে শুধুমাত্র নিরামিষ খাবারে সীমাবদ্ধ করা উচিত নয়।
ভারতের খাদ্যবৈচিত্র্য তুলে ধরতে মাটন মাসালা ফ্রাই, হায়দরাবাদি বিরিয়ানি, তন্দুরি চিকেন, বাটার চিকেন এবং গোয়ান ফিশ কারির মতো খাবার বিশ্বনেতাদের পরিবেশন করা উচিত ছিল বলেও মন্তব্য করেন ওয়ারিস পাঠান। এ প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, “মাটন-চিকেন নেই... মামা-ফুফা মন খারাপ করবেন!”
তবে কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলটি অভিযোগ করেছে যে, কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজনকে খাবারের মেনু নিয়ে বিতর্কে নামিয়ে আনছে।
ব্রিকস সম্মেলনের বিভিন্ন সিদ্ধান্ত, বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না তুলে কংগ্রেস খাবারের দিকে মনোযোগ দিচ্ছে বলে দাবি করেছে বিজেপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন