প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে মৎস্য খামার পরিচালনার অভিযোগে হান্নান সরকার (হাজী) নামের এক গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের আর্থিক ক্ষতি হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২৩ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার ফুলপুরের চর ভারতী এলাকায় বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগের একটি বিশেষ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ব্যবহৃত সার্ভিস তারও জব্দ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, অভিযুক্ত গ্রাহক হান্নান সরকার বাণিজ্যিক সংযোগের আওতায় প্রিপেইড মিটার ব্যবহার করছিলেন। তার গ্রাহক নম্বর ৯০০৫৮৪০৮ এবং মিটার নম্বর ০১০২১১২২২৫৭২। তিনি সার্ভিস তারে হুকিংয়ের মাধ্যমে ছয়টি দেড় হর্সপাওয়ারের মোটর ব্যবহার করে অবৈধভাবে মৎস্য খামার পরিচালনা করছিলেন। মোটরগুলোর বৈদ্যুতিক লোড ছিল ৬ দশমিক ৭১৪ কিলোওয়াট।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে দুইবার অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পূর্ববর্তী মামলাগুলোর জন্য নির্ধারিত ৪ লাখ ৬৭ হাজার ৪৭৩ টাকা জরিমানা পরিশোধ না করেই তিনি পুনরায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২(২), ৩৩(১) ও ৪৪ ধারা অনুযায়ী গতকাল সোমবার ময়মনসিংহ বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন