প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১১ বছরের একটি শিশু মাদরাসায় পড়াশোনা করার সময় শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়। নির্যাতনের দীর্ঘ সময়ের পর শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি কন্যাসন্তান জন্ম দেয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী। এই চাঞ্চল্যকর ঘটনায় আদালত অভিযুক্ত শিক্ষককে মৃত্যুদণ্ড প্রদান করে।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনা নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে আসামি পবিত্র দায়িত্বের চরম অপব্যবহার করেছেন। একজন ১১ বছরের অবোধ ও অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মতো পৈশাচিক অপরাধে সহানুভূতি দেখানোর সুযোগ নেই। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট নয়, তাই তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত শুধু আসামির শাস্তি নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও দিয়েছেন। সাম্প্রতিক সময়ে আবাসিক ও অনাবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দ্বারা শিশুদের যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে বলে আদালত উল্লেখ করেছেন।
আদালত পর্যবেক্ষণে বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সুস্পষ্ট বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা নেই। তবে ২০০৯ সালে এক মামলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা রয়েছে। শিশুদের সুরক্ষায় ওই নির্দেশনাগুলো কার্যকর আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে বাস্তবায়নের বিষয়টি বিবেচনার সময় এসেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শও আদালত দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোনার মদনে নানার বাড়িতে থাকত এবং আসামির প্রতিষ্ঠিত মাদরাসায় পড়াশোনা করত। জীবিকার তাগিদে তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ অক্টোবর বিকেলে মাদরাসা ছুটির পর শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক আমান উল্লাহ মাহমুদী। তিনি জানান, বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন এবং মুখ বন্ধ রাখতে শিশুটিকে ৫০ টাকাও দেন। এরপর একইভাবে শিশুটিকে তিন থেকে চার দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে পরিবারের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে শিশুটি। এ ঘটনায় স্থানীয়ভাবে পরিবারটিকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
ডিএনএ পরীক্ষায় মিল ৯৯.৯৯ শতাংশ.
গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেফতার করে এসআরবি (র্যাব)। পরে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনাও সংগ্রহ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালতের আদেশে বলা হয়, আসামি, ভুক্তভোগী ও নবজাতকের রক্তের ডিএনএ পরীক্ষার ফলাফল দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির জৈবিক পিতা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর।
সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র
রায়ে নবজাতক কন্যাসন্তানটির ভবিষ্যৎ সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছেন আদালত। শিশুটি তার মা ও মাতুলালয়ের (মামার বাড়ি) অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা ও মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে সে।
বিয়ে না হওয়া পর্যন্ত শিশুটির যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার ব্যয় রাষ্ট্র বহন করবে। পরবর্তী সময়ে সরকার এই ব্যয় দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করতে পারবে।
৯ কার্যদিবসে বিচার শেষ
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর বলেন, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ৯ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। এই প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর প্রায় শতভাগ মিল পাওয়া যায়।
মানবাধিকার কর্মী কোহিনুর বেগম বলেন, ‘যে রায়টি হলো তা সন্তোষজনক। আদালত ন্যায়বিচার করেছেন। তবে, আমরা দাবি করি, রায় যেন দ্রুত কার্যকর হয়।’
তিনি বলেন, ‘আমরা পান্না হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ হতে দেখেছি। কিন্তু দীর্ঘদিনেও তা কার্যকর করা হয়নি। আমরা চাই এসব রায় দ্রুত কার্যকর করা হোক।’
নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, পুলিশ শুরু থেকেই মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের প্রতিটি ধাপে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন