প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের তৎপরতায় চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ফেরত পেলেন ৮০ বছরের বৃদ্ধ মোঃ নুরুজ্জামান। জীবনের শেষ বয়সে এই অটোরিকশাটিই ছিল তার পরিবারের একমাত্র জীবিকার সম্বল। অটোরিকশাটি উদ্ধার শেষে নুরুজ্জমানের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬:২০ মিনিটের দিকে বারইয়ারহাট বাজার থেকে গণকছড়া যাওয়ার কথা বলে দুই ব্যক্তি নুরুজ্জমানের অটোরিকশায় ওঠে। সকাল ৬:৪০ মিনিটের দিকে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া রোডের একটি কালভার্টের ওপর পৌঁছালে যাত্রীরা সিগারেট জ্বালানোর কথা বলে গাড়িটি থামাতে বলে। অটোরিকশা থামানো মাত্রই তারা বৃদ্ধ নুরুজ্জামানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খালে ফেলে দেয় এবং আনুমানিক ১ লাখ টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।
ঘটনার পর জোরারগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে তদন্তে নেমে জোরারগঞ্জ থানা পুলিশ পার্শ্ববর্তী ছাগলনাইয়া থানা এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে আদালতের আদেশে আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত অটোরিকশাটি বৃদ্ধ মোঃ নুরুজ্জমানের জিম্মায় তুলে দেন। নুরুজ্জামান ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলমুরারী গ্রামের মৃত মোঃ ইদ্রিছের ছেলে।
হস্তান্তরকালে অফিসার ইনচার্জ বৃদ্ধ চালককে ভবিষ্যতে সতর্কতার সঙ্গে অটোরিকশা চালানোর পরামর্শ দেন। বৃদ্ধ নুরুজ্জমানের একমাত্র সম্বল উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিতে পেরে পেশাগত জায়গা থেকে গভীর আত্মতৃপ্তি প্রকাশ করেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
জীবিকার একমাত্র সম্বলটি ফিরে পেয়ে কান্নাভেজা চোখে জোরারগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধ নুরুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন