প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য ভৈরব প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল ইসলাম সবুজ। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই ভৈরবের সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আড়াই বেপারী বাড়ির ব্যবসায়ী নুরুল ইসলামের বড় ছেলে খাইরুল ইসলাম সবুজ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাংগঠনিক কর্মকাণ্ড, সংস্কৃতি চর্চা ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখে পরিচিতি লাভ করেছেন। প্রায় ৩৪৫ সদস্যের সমন্বয়ে গঠিত ভৈরব প্রেসক্লাবের এবারের নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
২০০৪ সালে অ্যাড মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। পরবর্তীতে ২০০৬ সাল থেকে মাঠপর্যায়ের সাংবাদিকতা করে তিনি একজন সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে পরিচিতি অর্জন করেন।
দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এসএ টিভির ভৈরব প্রতিনিধি এবং দৈনিক আমাদের সময়-এর ভৈরব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া বাংলাদেশ প্রতিদিন, দিগন্ত টেলিভিশন ও সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া থেকে দুই বছর মেয়াদি সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে সনদ অর্জন করেন।
২০১১ সালে ভৈরব প্রেসক্লাবের সদস্য হওয়ার পর সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই দফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের উৎসাহে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয়। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিবেদিতা নাট্যাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া শিশুদের মানসম্মত শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত ভৈরব কিডস একাডেমির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে খাইরুল ইসলাম সবুজ বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাংবাদিকবান্ধব ভৈরব প্রেসক্লাব গড়ে তুলতে চাই। সকল সদস্যের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, কল্যাণমূলক কার্যক্রম এবং সাংগঠনিক ঐক্যের মাধ্যমে ভৈরবের সাংবাদিকতার হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে চাই।”
এদিকে সাংবাদিক সমাজের অনেকের মতে, দীর্ঘদিনের সাংবাদিকতা, সাংগঠনিক অভিজ্ঞতা, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে সম্পৃক্ততা খাইরুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক পদের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে শেষ পর্যন্ত আগামী ১৭ জুলাই সদস্যদের ভোটেই নির্ধারিত হবে ভৈরব প্রেসক্লাবের আগামী দিনের নেতৃত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন