প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের সদর ও ঘাটাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১ গ্রাম হেরোইন ও ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২৬) টাঙ্গাইল সদর থানার কান্দাপাড়া এলাকার একটি স্থান এবং ঘাটাইল থানার পাকুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের দিঘুলিয়া বেপারীপাড়া এলাকার মো. হানিফ (৪০), কান্দাপাড়া এলাকার রিতা আক্তার (৩৫) এবং ঘাটাইল উপজেলার পাকুটিয়া গ্রামের মো. নাজমুল হোসেন শান্ত (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল সূত্রে জানা যায়, পৃথক অভিযানে জব্দ করা মাদকের মধ্যে ১ গ্রাম হেরোইন ও ৫ গ্রাম গাঁজা রয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মামলা দায়ের করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান এবং উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।
পরে টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব, মোছা. ফারহানা আরেফিন জুঁই এবং কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত সাজা ঘোষণা করেন।
আদালতের আদেশ অনুযায়ী, হানিফ ও নাজমুল হোসেন শান্তকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং রিতা আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি হানিফ ও রিতা আক্তারকে ৫০ টাকা করে এবং নাজমুল হোসেন শান্তকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন