প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ মন্তব্য করেছেন যে, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক পেমেন্ট মেকানিজমের অভাব, ট্রেড ফাইন্যান্স এবং এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি না পাওয়ার কারণে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "এ অঞ্চলে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে।"
বৃহস্পতিবার, ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লেয়ে কুপোলেইয়ের সঙ্গে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের পৃথক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
ঢাকা চেম্বার সভাপতি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, ঘানা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের জন্য দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তার উন্নয়ন এবং সরকারি নীতি-সহায়তা অপরিহার্য। তিনি ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল ইনোভেশনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক অন্যান্য সেবা খাতের উন্নয়নে বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তা গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ থেকে আরও বেশি হারে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য আমদানির জন্য ঘানাসহ আফ্রিকার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ঘানার গভীর আগ্রহ রয়েছে। তিনি বলেন, "আমরা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম।" তাই, বাংলাদেশি উদ্যোক্তাদের ঘানাকে এই ধরনের পণ্য আমদানির জন্য বিবেচনা করার আহ্বান জানান তিনি। কোয়াসি, বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে।
অন্য এক বৈঠকে নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লয়ে কুপোলেই বলেন, দুই দেশ প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি জানান, বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ফিনটেক সলিউশন এবং আইসিটি সেবা আমদানিতে নাইজেরিয়ার উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে। নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়া এবং অন্যান্য সার, কোকো বীজ, কাজুবাদামসহ অন্যান্য পণ্য আমদানির জন্য তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন