প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রশান্ত মহাসাগরে একটানা প্রায় ৯ ঘণ্টা ভেসে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছেন এক মার্কিন ক্রুজশিপের পিয়ানোবাদক। শুক্রবার (৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল (৩২ কিমি) দূরে সমুদ্রের মাঝখান থেকে তাকে উদ্ধার করেন দুই স্থানীয় জেলে।
বিবিসি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তি ‘ওভেশন অফ দ্য সিজ’ নামের ১৪ তলা একটি বিলাসবহুল ক্রুজ জাহাজের কর্মচারী। গভীর রাতে কোনোভাবে জাহাজ থেকে তিনি সমুদ্রে পড়ে যান, যা তার জীবনের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে।
উদ্ধারকারী দুই জেলে গ্রান্ট গ্যারেট ও শন নর্টন জানান, ক্যাটালিনা দ্বীপের কাছে মাছ ধরার সময় তারা পানিতে এক ব্যক্তিকে ভাসতে দেখেন। দ্রুত নৌকা থামিয়ে তাকে পানি থেকে তুলে আনা হয়। নর্টন বলেন, উদ্ধার করার পর লোকটি শুধু বলেছিল, ‘ধন্যবাদ। আমি ভেবেছিলাম আমি আজ মরেই যাব’।
পরবর্তীতে কোস্ট গার্ড ও নিউপোর্ট বিচ লাইফগার্ডদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লাইফগার্ড কর্মকর্তারা জানান, আনুমানিক রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে পড়ে যান এবং পাওয়ার আগ পর্যন্ত টানা ৯ ঘণ্টা সাগরে ভাসছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সাগরের মাঝখানে টানা ৯ ঘণ্টা ভেসে থেকেও লোকটির বেঁচে যাওয়ার পেছনে জলবায়ুগত অস্বাভাবিকতাকে কারণ হিসেবে দেখছেন জেলেরা। জেলে নর্টন বলেন, শক্তিশালী ‘সুপার এল নিনো’র প্রভাবে সাগরের পানি অস্বাভাবিক উষ্ণ ছিল (প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস)। অন্য কোনো বছর হলে এই তাপমাত্রায় এতো দীর্ঘ সময় বেঁচে থাকা অসম্ভব ছিল।
বিজ্ঞানীদের মতে, চলতি বছরের এল নিনোর প্রভাবে সমুদ্রে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩.০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।
ঘটনার নিশ্চিত করে প্রমোদতরীর মালিকানা প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ জানিয়েছে, তারা তাদের ওই কর্মীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে। তবে প্রাইভেসির স্বার্থে তারা উদ্ধার হওয়া কর্মীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন