প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তদের আগুন দেওয়ার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন নিষিদ্ধঘোষিত যুবলীগের কয়েকজন নেতা। তবে পুলিশ জানিয়েছে, আগুনে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়নি।
স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, স্মৃতিস্তম্ভের আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে গভীর রাতে তিন যুবককে সেখানে যেতে দেখা গেছে। তাদের মধ্যে দুজন দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচে আগুন ধরান এবং অন্যজন ঘটনাটি ভিডিও করেন। পুলিশ ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
সূত্র আরো জানায়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন ও ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রবিউল ইসলামসহ কয়েকজন তাদের ফেসবুক পেজে আগুন দেওয়ার ভিডিও প্রচার করেছেন।
এদিকে রবিবার সকালে শহরের মাইকপট্টিতে সরকারবিরোধী ঝটিকা মিছিলের অভিযোগে কোতোয়ালি থানা এলাকা থেকে যুবলীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানিয়েছেন, জেলার নয়টি থানা ও ডিবি পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন