প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা সংলগ্ন মহাসড়কের ফকিরা বাজার এলাকায় তিন দিন ধরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশের কপাল ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি মহাসড়কের পাশে ঘটায় লাশটি মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও তথ্য মেলে নি। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরও জানান, লাশের কপাল ও হাতে ক্ষত বা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আহত হওয়ার পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফকিরা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “২-৩ দিন আগে আমি বাজারে যাওয়ার সময় রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি তার কপাল ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরে তার পরিচয় জানার চেষ্টার অংশ হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেছিলাম। বুধবার জানতে পারি তিনি মারা গেছেন।”
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কের পাশের বাজার ও থানা সংলগ্ন স্থানে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তিন দিন পড়ে থাকার পরও তার চিকিৎসা বা উদ্ধারে কেউ এগিয়ে না আসা অত্যন্ত দুঃখজনক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন