প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন।
পরিদর্শনের সময় তিনি পাঠাগারের সার্বিক কার্যক্রম, বইয়ের সংগ্রহ এবং পাঠকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ ছাড়া, স্থানীয় শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি এ সময় বলেন, ‘বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একটি সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মানুষের চিন্তা, চেতনা ও মননশীলতা বিকাশের অন্যতম কেন্দ্র। তরুণ প্রজন্মকে বইমুখী করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
ইমদাদুল হক মিলন আরও বলেন, ‘আমরা চাই, দেশের প্রতিটি অঞ্চলে পাঠাগার গড়ে উঠুক। শিক্ষার্থী ও তরুণেরা বই পড়ার সুযোগ পাক। বইয়ের মাধ্যমে তারা নিজেদের সমৃদ্ধ করুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক। বসুন্ধরা শুভসংঘ মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।’
পাঠাগার পরিদর্শনের সময় তিনি বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করা, নিয়মিত পাঠচক্র ও সাহিত্যবিষয়ক আয়োজনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী এবং তরুণদের পাঠাগারমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, সৈয়দপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতু, সভাপতি শফিকুল আলম, সহসভাপতি এস এম শাকিল ইসলাম ও হারুন অর রশিদ (হারুন), যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), দপ্তর সম্পাদক সোহাগ রানা দিপু, প্রচার সম্পাদক রিফাত চৌধুরী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবা তাবাসসুম ত্রপা, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মোতমাইন্না মিতাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পাঠাগার পরিদর্শন শেষে ইমদাদুল হক মিলন শিশু স্বর্গ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ সারা দেশে শিক্ষা, মানবিক সহায়তা, স্বাবলম্বীকরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাগার প্রতিষ্ঠা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন