প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনের খেলোয়াড়দের ওপর হামলা এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার দুই খেলোয়াড় ও দেশটির ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে ফিফা।
বুধবার (২৯ জুলাই) তারিখে ফিফা প্রকাশিত শৃঙ্খলাজনিত অভিযোগের তালিকায় আরও কয়েকটি অভিযোগ আর্জেন্টিনার বিরুদ্ধে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগ, ফাইনালের পর এক সহকারী কোচের (রবার্তো আয়ালা) বিরুদ্ধে হামলার অভিযোগ এবং বিশ্বকাপের একাধিক ম্যাচে দর্শকদের বস্তু নিক্ষেপের ঘটনাগুলো।
গত ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সংঘর্ষে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে হামলার তিনটি অভিযোগ আনা হয়েছে। এছাড়া ডিফেন্ডার নাহুয়েল মলিনার বিরুদ্ধে দুটি এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে একটি হামলার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া মলিনা ও থিয়াগো আলমাদার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন স্পেনের মিডফিল্ডার গাভিও।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা 'লাস মালভিনাস সন আর্জেন্টিনাস' (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেছেন।
আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ইসলাস মালভিনাস নামে উল্লেখ করে থাকে। ১৯৮২ সালে তৎকালীন আর্জেন্টাইন সামরিক জান্তার নির্দেশে দ্বীপপুঞ্জে অভিযান চালানো হলে ১০ সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হয়, যেখানে ব্রিটেন শেষ পর্যন্ত বিজয়ী হয়।
ব্রিটিশ সরকারের কর্মকর্তারা এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ হলো, 'খেলাধুলার বাইরের উদ্দেশ্যে একটি ক্রীড়া ইভেন্টকে প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করা।'
ফিফা আরও জানিয়েছে, অভিযুক্ত সব ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পর্যালোচনা করার পর যথাসময়ে ফিফার শৃঙ্খলা কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন