প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রদর্শনী হলগুলোতে ভারত প্রচারবিমুখ হলেও, পর্দার আড়ালে দর-কষাকষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি। অন্যান্য বহু দেশের মতো, যারা জাঁকজমকপূর্ণ প্রচারণামূলক প্যাভিলিয়ন নিয়ে হাজির হয়েছে, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে ভারতের কোনো নিজস্ব বুথ নেই। এমনকি দেশটির প্রায় ১৫২ জন নিবন্ধিত সদস্যের সরকারি প্রতিনিধিদলটি বাংলাদেশ, পাকিস্তান বা নেপালের প্রতিনিধিদলের চেয়েও ছোট।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রায় তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতিতে পিছিয়ে যাওয়ার ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তবে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় নয়াদিল্লি। উন্নয়নশীল দেশগুলোর জন্য আরো বেশি জলবায়ু অর্থায়ন এবং শিল্পোন্নত দেশগুলোর দ্রুত ও অধিক হারে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ভারত বরাবরই সোচ্চার।
কপ-৩১ সম্মেলনে গতকাল বুধবার দেওয়া এক ভাষণে ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব বলেন, "উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পদক্ষেপ এবং উন্নয়নের ন্যায্য অধিকার, শোভন জীবনযাত্রার মান, স্বাস্থ্য ও শিক্ষার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা যায় না। অবশিষ্ট সীমিত কার্বন বাজেটের ন্যায্য হিস্যা পাওয়া নিয়ে কোনো আপস চলবে না।"
তুরস্কে প্রকাশ্য প্রচারণায় ভারতের উপস্থিতি কম থাকলেও, আলোচনার টেবিলে দেশটি তার প্রভাব কাজে লাগাচ্ছে। ধনী অর্থনীতির দেশগুলোর কাছ থেকে অতিরিক্ত অর্থায়ন বা প্রযুক্তির সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেয়—এমন যেকোনো নতুন লক্ষ্যমাত্রা বা সময়সীমার বিরোধিতা করছে ভারত।
সম্মেলনের দুটি বড় বিতর্কের কেন্দ্রেও রয়েছে ভারত—একটি হলো পরবর্তী প্রধান বৈশ্বিক জলবায়ু-বিজ্ঞান মূল্যায়ন প্রতিবেদনের সময়সীমা এবং অন্যটি হলো বিদ্যুতায়ন ত্বরান্বিত করার প্রস্তাবিত লক্ষ্যমাত্রা। জলবায়ুবিষয়ক থিংক ট্যাংক ইথ্রিজি (E3G)-এর জ্যেষ্ঠ নীতি উপদেষ্টা নকুল শর্মা বলেন, "ভারতের এই দৃষ্টিভঙ্গিকে জলবায়ু কূটনীতি থেকে সরে যাওয়া হিসেবে গুলিয়ে ফেলা উচিত নয়। উন্নয়নশীল দেশগুলোর জোটগুলোতে ভারত এখনো একটি প্রভাবশালী কণ্ঠস্বর।"
রাশিয়া ও সৌদি আরবের সঙ্গে মিলে ভারত ২০২৮ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের (IPCC) তিনটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রতিবেদন সম্পন্ন ও প্রকাশের সময়সীমার বিরোধিতা করছে। এই পরিকল্পনার সমর্থকদের মতে, প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক অগ্রগতির পরবর্তী প্রধান পর্যালোচনায় তথ্য জোগাতে প্রতিবেদনগুলো হাতে থাকা জরুরি। তবে বিরোধীদের যুক্তি, এই সময়সীমা উন্নয়নশীল দেশগুলোর অবদান অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট নয়।
অন্যদিকে, ভারত ও চীনকে নিয়ে গঠিত ‘লাইক-মাইন্ডেড ডেভেলপিং কান্ট্রিজ’ (সমমনা উন্নয়নশীল দেশসমূহ) জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার মতো চাপিয়ে দেওয়া কোনো লক্ষ্যমাত্রা তারা সমর্থন করবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন