প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
করাচি, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (এএফপি) : পাকিস্তান এশিয়ান গেমসে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে, তাদেরকে কিছু ঘাটতি পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন। সেমিফাইনালের সম্ভাব্য এই লড়াইয়ের আগে পাকিস্তানকে কোয়ার্টার ফাইনাল অতিক্রম করতে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে সহজ দলই রয়েছে।
ভারতের পুরুষ দল দুটি বিশ্বকাপ জিতে নিয়েছে এবং তারা বর্তমানে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন। গত বছরের মে মাসে হেসন পাকিস্তানের দায়িত্ব গ্রহণের পর থেকে, ২০২৫ সালের এশিয়া কাপে তিনবার এবং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান।
দলের জাপান যাত্রার আগে করাচিতে হেসন বলেন, “এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদন্ড। তাদের পর্যায়ে পৌঁছানোই আমাদের চ্যালেঞ্জ।”
জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এশিয়ান গেমসে পাকিস্তান ও ভারত কখনো মুখোমুখি হয়নি। তবে, ১ অক্টোবর নাগোয়ায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছরের দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গ টেনে হেসন বলেন, “আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে আমরা অবশ্যই তাদের ওপর চাপ সৃষ্টি করব, যেমনটা এশিয়া কাপের ফাইনালে করেছিলাম।”
পাকিস্তান প্রথমে ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে পুল বি-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। পুল বি-তে রয়েছে হংকং, ওমান ও মালয়েশিয়া।
হেসন বলেন, পাকিস্তানকে শুরুটা ভালো করতে হবে। তিনি বলেন, “এখন থেকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া পর্যন্ত দুই দলেরই অনেক ক্রিকেট খেলতে হবে। তাই আমরা নিজেদের নিয়ে খুব বেশি দূর আগেভাগে ভাবছি না।”
এশিয়ান গেমসের ক্রিকেটে পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি। ২০১০ ও ২০২৩ সালে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরেছে। ২০১৪ সালের আসরে তারা অংশ নেয়নি।
ভারত এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দল পাঠালেও পাকিস্তান দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে। দলের অধিনায়ক ওপেনার সাহিবজাদা ফারহান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন