প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। এই যোগাযোগের মূল উদ্দেশ্য হলো শান্তি আলোচনা পুনরায় শুরু করা। এর ফলে ইসলামিক প্রজাতন্ত্রটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলা ঠেকানোর সম্ভাবনা তৈরি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইকে একটি চিঠি পাঠিয়েছেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভ্যান্সের পাঠানো চিঠির উদ্দেশ্য হলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা যাচাই করা, যা নতুন হামলা ঠেকাতে সহায়ক হতে পারে।
চিঠিতে ভবিষ্যতে আলোচনা শুরুর জন্য একটি সম্ভাব্য কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি পাঠানো হয় এবং রোববার তা পৌঁছে দেওয়া হয়।
ভ্যান্স চিঠিতে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন। আলোচনার শুরু থেকেই ইরানের পরমাণু কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখার কথা তিনি উল্লেখ করেন।
এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরান প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেজাই বৃহস্পতিবারের মধ্যে আনুষ্ঠানিক জবাব দিতে পারেন। দুই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই কাতার অথবা তুরস্কে আলোচনা শুরু হতে পারে।
সূত্র: আল জাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন