প্রিন্ট এর তারিখঃ ১ই নভেম্বর, ২০২৬ইং; ০৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৩০শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:১৭ পি.এম
ইজিবাইক চোরচক্রের ৩ জন গ্রেফতার, ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে চোরাইকৃত চারটি ইজিবাইকসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০) রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যাকে (৩৩) গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁশগ্রামে অভিযান চালানো হয়। প্রথমে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দু’টি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকসহ মালামাল জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, নড়াইলসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি এবং চালককে অজ্ঞান করে ছিনতাই হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিচ্ছেন। পুলিশ তৎপর হয়ে ব্যাটারিচালিত এসব ইজিবাইক উদ্ধারে অভিযান পরিচালনা করছে। এতে ভুক্তভোগীরা উপকৃত হচ্ছেন। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"