প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশ পেসার মারুফা আক্তার এবং ব্যাটার সোবহানা মোস্তারির নারী আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে। অপরদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং বোলার নাহিদা আক্তারের র্যাংকিংয়ে অবনতি হয়েছে।
গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। ওই ম্যাচে মারুফা ৩ ওভারে ৬ রানে ২ উইকেট তুলে নিয়ে র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করে ৫৪২ রেটিং নিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে দুই স্পিনার রাবেয়া খান এবং নাহিদা আক্তারের র্যাংকিংয়ে অবনতি হয়েছে। রাবেয়া তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে এবং নাহিদা দুই ধাপ পিছিয়ে ২৮তম স্থানে রয়েছেন। রাবেয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে উইকেট না পেলেও, নাহিদা ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
ব্যাটার তালিকায় অধিনায়ক জ্যোতির অবনতি ঘটেছে। তিনি ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে আউট হন এবং দুই ধাপ পিছিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২২তম স্থানে আছেন।
সোবহানার একটি ধাপ উন্নতি হয়েছে। তিনি ৫শ রেটিং নিয়ে ৩৯তম স্থানে উন্নীত হয়েছেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা।
স্বর্ণা আক্তার ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দেন। তিনি এক ধাপ এগিয়ে ৪৪২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে আছেন।
ব্যাটিং তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন