প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ দিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সম্প্রতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ওই চিঠিতে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের কথা উল্লেখ রয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়া ও আরেকটি অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। এ অবস্থায় ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবি করা অংশের সঙ্গে এমপি আয়নুল হক বৈঠকে বসেন।
উক্ত বৈঠকের এক পর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। ওই সময় সংসদ সদস্য আয়নুল হক নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সংসদ সদস্যের গাড়ির পেছনের কাঁচ ও একটি ক্যামেরা ভেঙে যায়।
এ ঘটনার পর সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘টিটিসির ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কথা-কাটাকাটি এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। সেখান থেকে চলে আসার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা করেছে।’
এ সময় এমপি আরও দাবি করেন, তাকে হত্যার উদ্দেশেই এই হামলা করেছে জামায়াত ও এনসিপি। পাশাপাশি সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত স্থানেই টিটিসি ভবন স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানু জামান বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে কোনো সম্পৃক্ততা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন