প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে হাম রোগ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। চলতি ২০২৬ সালে দেশটিতে হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। এটি ১৯৯১ সালের পর গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক সংক্রমণের সংখ্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সংক্রমণের পাশাপাশি দেশে ঘটছে মৃত্যুর ঘটনাও।
শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম আক্রান্তদের মধ্যে ৫৬২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা মোট আক্রান্তের প্রায় ১১ শতাংশ।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) হালনাগাদ করা তথ্য অনুযায়ী, সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। এই সপ্তাহে হাম-সংশ্লিষ্ট ষষ্ঠ মৃত্যুর ঘটনাও ঘটেছে সেখানে।
পেনসিলভানিয়ার পর সাউথ ক্যারোলাইনা ও ইউটাহতে হাম আক্রান্তের সংখ্যা দ্বিতীয় সর্বাধিক। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাউথ ক্যারোলাইনায় আক্রান্তের সংখ্যা ৬৭০ এবং ইউটাহতে ৫৩৬।
এদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) উইসকনসিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্কে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হাম-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে, হামজনিত মৃত্যুর তথ্য নিয়ে অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যানে অমিল রয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র চলতি বছরে হাম-সংশ্লিষ্ট চারটি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে, কিন্তু মৃত্যুর স্থান জানায়নি সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মৃত্যুর হিসাব রাখার পদ্ধতি পরিবর্তন করেছে। পূর্বে অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের তথ্য ব্যবহার করা হলেও এখন জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে দেশটিতে হাম-সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল সংস্থাটি।
বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ২০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩২। ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ২ হাজার ১০৪ জন এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৯০৮ জন আক্রান্ত হয়েছে। চলতি বছরে দেশজুড়ে নতুন করে ৪৩টি হাম সংক্রমণের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
এদিকে, সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০০০ সাল থেকে দেশটি হাম নির্মূলের স্বীকৃতি ধরে রেখেছে। তবে আগামী সপ্তাহে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্র এখনও হাম নির্মূলের শর্ত পূরণ করছে কি না।
সূত্র: রয়টার্স , যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন