প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএসএনবিসি এবং সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোর ওপর হোয়াইট হাউসে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি অভিযোগ করেন যে, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ করছে। আনাদোলুর খবর অনুযায়ী, ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, অবিলম্বে কার্যকরভাবে ‘ভুয়া খবর’ প্রচারকারী সিএনএন, এমএসএনবিসি ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। তার দাবি, এসব সংবাদমাধ্যম নিয়মিতভাবে তার প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় পলিটিকোকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮ মিলিয়ন ডলারের ‘সাবস্ক্রিপশন’ কিনেছিল, যা তিনি ‘দুর্নীতি’ বলে অভিহিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার প্রশাসন বা দেশের সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো সংবাদমাধ্যমের নিয়মিতভাবে মিথ্যা বা কল্পিত তথ্য প্রকাশ করা উচিত নয়। তিনি সতর্ক করেন যে, একই ধরনের সংবাদ প্রচার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হতে পারে।
ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরও তিনি কীভাবে এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থন করছেন।
জবাবে ট্রাম্প আবারও ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, মানুষ বারবার ভুয়া খবর পড়তে বা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। তার মতে, যুক্তরাষ্ট্রে মুক্ত সংবাদমাধ্যমের পাশাপাশি সৎ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাও প্রয়োজন।
তবে ট্রাম্প একই সঙ্গে বলেন, সংবাদমাধ্যমগুলো যদি তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করে, তাহলে তিনি চান তারা আবার হোয়াইট হাউসে ফিরে আসুক। তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তার প্রশাসন সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ করে এবং রিপাবলিকান প্রশাসনকে দুর্বলভাবে উপস্থাপনের চেষ্টা করে।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ভালো কাজ করেছে এবং অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যানও তার পক্ষে রয়েছে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্থ প্রবেশ করছে।
এমএসএনবিসি ও পলিটিকো ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সিএনএন, যা দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচনার মুখে রয়েছে, শুক্রবার তাদের সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়েছে।
সিএনএন এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউস কাভার করা তাদের সাংবাদিকদের দল নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করছে। তারা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের সাংবাদিকতা করার অধিকার রয়েছে বলেও উল্লেখ করে।
সিএনএনের ভাষ্য, ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হলে তা সংবাদমাধ্যমের মৌলিক ও সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকারের ওপর বেআইনি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন