প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের শিবচরে এক বৃদ্ধ, শাহজাহান খন্দকার (৬০), তার দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নাতি প্রাণে বাঁচলেও দাদা গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে।
শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান খন্দকার নাতিকে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে ছুটে আসে। ট্রাক্টরের ধাক্কা থেকে নাতিকে রক্ষা করতে তিনি দ্রুত তাকে সরিয়ে দেন, কিন্তু নিজে ট্রাক্টরের আঘাতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ট্রাক্টরটি ঘটনার পর পালিয়ে যায়।
স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি। দাদার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান জানান, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল এবং তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন