প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দৃশ্যমান থাকায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভের পর অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে স্থানীয়রা প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে ও অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এলাকাবাসীর প্রতিবাদের পর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার হস্তক্ষেপে দুই ঘণ্টা পর অফিসের তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি ইনামুল হক জানান, সকালে এক অভিভাবক যখন সন্তানকে বিদ্যালয়ে দিতে আসেন, তখন তিনি দেয়ালে শেখ মুজিবুর রহমানের বড় ছবি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাকে ফোন করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির কথা জানান। এরপর তিনি সেখানে গিয়ে লোকজনের সমাগম দেখতে পান।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের অফিসেও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে বলে এর আগেও অনেকে তাকে জানিয়েছেন। এ বিষয়ে তিনি একাধিকবার প্রধান শিক্ষিকাকে ছবি অপসারণের জন্য বলেছেন। তার অভিযোগ, প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন এবং বিদ্যালয়টি নিজের ইচ্ছামতো পরিচালনা করেন। ছবিটি এখনও দৃশ্যমান রাখার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও তিনি দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সকাল ৯টার আগেই বিদ্যালয়ে উপস্থিত হন। এসে দেখেন, বিদ্যালয়ের বারান্দার গেটে তালা লাগানো হয়েছে। এ সময় একজন সহকারী শিক্ষক অফিসের ভেতরে অবস্থান করছিলেন এবং অন্য শিক্ষকরা বাইরে ছিলেন।
প্রধান শিক্ষিকা বলেন, পরে বারান্দার তালা খুলে দেওয়া হলেও অফিসকক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। তার দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আগে থেকেই কিছু বিষয়ে মতবিরোধ চলছিল। প্রধান শিক্ষিকা আরও বলেন, গত ৫ আগস্টের সরকারি নির্দেশনার পর বিদ্যালয়ের সব ছবি নামিয়ে রাখা হয়েছিল। বারান্দার দেয়ালে পেইন্টিং করা ছবিটিও সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়। মঙ্গলবারও তিনি ছবিটি চুন দিয়ে মোছা অবস্থায় দেখেছেন। কিন্তু বুধবার সকালে নৈশপ্রহরী বারান্দার তালা খুলে অন্য ভবনে যাওয়ার পর কে বা কারা ছবিটি পরিষ্কার করে দৃশ্যমান করেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই তার ওপর বিক্ষোভ ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, সকালে বারান্দার তালা খুলে তিনি অন্য একটি ভবনে পরিষ্কারের কাজে যান। এ সময় কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছে, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি সাদা চুন দিয়ে মোছা অবস্থায় ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ইউএনও ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকাকে বদলির আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের দেয়ালে থাকা ছবিটি কে বা কারা পরিষ্কার করে দৃশ্যমান করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন