প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধারা ভেঙে এবার সংশোধিত বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে, যা যুগ যুগ ধরে চলে আসা একটি পরিবর্তন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতের প্রায় সব অর্থবছরের সংশোধিত বাজেটে মূল বাজেটকে ছোট করা হলেও চলতি অর্থবছরে নতুন কিছু ঘটতে যাচ্ছে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার মূল বাজেটের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্বাভাবিক ভর্তুকির চাপ সরকারের বাজেটের হিসাব-নিকাশে নতুন জটিলতা তৈরি করেছে। নতুন বেতন কাঠামো, নতুন প্রকল্প ও কর্মসূচিতে বাড়তি ব্যয়ের খাত তৈরি হচ্ছে, পাশাপাশি বিদেশি ঋণ পরিশোধের জন্য সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে। ফলে সরকারের ব্যয় কাঠামোয় বড় পরিবর্তন আনতে হচ্ছে। এই কারণে আগের ধারা থেকে বেরিয়ে এসে সংশোধিত বাজেটের আকার বাড়াতে হচ্ছে।
অর্থ বিভাগের সূত্র জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সংশোধিত বাজেটের আকার নির্ধারণে আর্থিক, মুদ্রা ও বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কমিটির সভা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত বরাদ্দের দাবি এবং সামগ্রিক আর্থিক ও মুদ্রানীতির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা নিয়েও আলোচনা হবে। বৈঠকে সংশোধিত বাজেটের কাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।
অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, জ্বালানিতে অতিরিক্ত ভর্তুকির পাশাপাশি সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ব্যয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অর্থের চাহিদাও বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং জ্বালানি পরিবহনে নতুন করে বিঘ্ন সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরো বাড়তে পারে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে উদ্বেগের কারণে পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে। এর ফলে এলএনজি আমদানি, বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সরবরাহে সরকারের ভর্তুকি ব্যয় বৃদ্ধি পেতে পারে।
অর্থ বিভাগের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের মূল বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকি বাবদ ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়েই এ খাতে ১,৯৩০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অর্থাৎ মূল বরাদ্দের তুলনায় ইতোমধ্যে ১,৩৩০ কোটি টাকা বেশি অর্থ ছাড় করতে হয়েছে।
বিদ্যুৎ খাতে একই ধরনের চাপ দেখা যাচ্ছে। পুরো অর্থবছরের জন্য এ খাতে ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হলেও সাড়ে পাঁচ মাসে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক বরাদ্দের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গেছে।
কৃষি খাতেও ভর্তুকি ব্যয় দ্রুত বাড়ছে। চলতি অর্থবছরে এ খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্যয় হয়েছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম সাড়ে পাঁচ মাসে এ খাতের মোট বরাদ্দের প্রায় ৭৩ শতাংশ ব্যয় হয়েছে।
নতুন সরকারের ব্যয় এক লাফে বেড়ে গেছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর কারণে, যেখানে বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়িত হয়েছে। এর চাহিদা মেটাতে সরকারকে নতুন করে অর্থের সংস্থান করতে হতে পারে, যা বাজেট ঘাটতি ও সরকারের ঋণগ্রহণের প্রয়োজনীয়তা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন প্রকল্প নিচ্ছে। নতুন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। গত ৯ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭৮টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় এক লাখ ৮৯ হাজার কোটি টাকা। নতুন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি প্রকল্পে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে। প্রকল্পগুলো হলোÑমেট্রোরেল লাইন-৫ (গাবতলী থেকে দাসেরকান্দি), ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা; পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, ব্যয় ৪১ হাজার ৯০ কোটি টাকা; পদ্মা ব্যারাজ প্রকল্প, ব্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা; উপজেলা-ইউনিয়নে দীর্ঘ সেতু নির্মাণ, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা; সিলেট-সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ৫,১০৬ কোটি টাকা।
বর্তমান রাজনৈতিক সরকারের প্রথম বাজেট হওয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ছাড়ের চাহিদা বেশি। ফলে এবার বাজেটের আকার কমানোর সুযোগ নেই বললেই চলে। বরং কিছু মন্ত্রণালয় অতিরিক্ত বরাদ্দ চাইতে পারে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে কৌশলগত ও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সম্ভাবনা কম, অন্যদিকে বিভিন্ন খাতে ব্যয় ও অতিরিক্ত বরাদ্দের চাপ বাড়ছে। তাই অপ্রয়োজনীয় এবং সময়-সংবেদনশীল নয়Ñএমন খাতে ব্যয় কমাতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে ব্যয় কমানোর সুযোগ কম। কারণ ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং পণ্য ও মানুষের চলাচল সরাসরি জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। অতিরিক্ত সংকোচন অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
২০২৫-২৬ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা সামান্য কমিয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেট ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমিয়ে সাত লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামানো হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমিয়ে সাত লাখ ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ছিল ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ছয় লাখ ৬০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২১-২২ অর্থবছরে বাজেটের আকার ছিল ছয় লাখ তিন হাজার কোটি টাকা, সংশোধিত বাজেটে তা কমিয়ে পাঁচ লাখ ৯৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন