প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় সরকার দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।
বুধবার (১ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সময় তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। একইসাথে, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে, যাতে তাদের জীবনমানের বাস্তব উন্নয়ন ঘটে।
তিনি বলেন, দেশটা সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার। আমাদের সবার স্লোগান হোক- 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নের দৃশ্যমান সুফল ইতোমধ্যে দেশের মানুষ দেখে ফেলেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই মাস শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। জুলাইয়ের প্রথম দিনে তিনি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুকনুজ্জামান মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের প্রত্যেককে একটি করে গরু ও একটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন